ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে বিস্ফোরণ, আটক ৫
- আপডেট সময় : ০৮:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে বিস্ফোরণ, আটক ৫
নিজস্ব প্রতিবেদক
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে ঢাকা-বরিশাল মহাসড়কে পটকা বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর কাশিপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে অর্ধশতাধিক লোক ঝটিকা মিছিল নিয়ে মহাসড়কে আসে। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে পটকা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সেখান থেকে সরে যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিষয়ে ব্রিফিংয়ে বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে আরও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় মিছিল ও বিস্ফোরণের ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।



















