হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং সমতাভিত্তিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে ‘ব্রিজিং দ্য গ্যাপ: ইনক্লুসিভ ডায়ালগ ফর ইকুইটেবল সার্ভিসেস’ শীর্ষক এ সংলাপের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা। এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ডা. এজাজ আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাক উদ্দিন এবং স্বপ্ন ছোঁয়া সংগঠনের সভাপতি তপু হোসেন।
এছাড়াও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও সমাজসেবা কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, চিকিৎসক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা সংলাপে অংশগ্রহণ করেন।
সংলাপে হিজড়া জনগোষ্ঠীর প্রতি সামাজিক বৈষম্য ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানসহ মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি সেবাপ্রাপ্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, হিজড়া জনগোষ্ঠীও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনমান উন্নয়ন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে সমান সুযোগ সৃষ্টি এবং বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।
এ ধরনের সংলাপ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং হিজড়া জনগোষ্ঠীর জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।


















