স্মরণকালের অন্যতম বড় সাফল্য/ নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী- প্রশংসিত প্রধান শিক্ষক!
- আপডেট সময় : ০৮:৪৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
স্মরণকালের অন্যতম বড় সাফল্য
নটরডেম কলেজে সুযোগ পেলো
বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী , প্রশংসিত প্রধান শিক্ষক!
নিজস্ব প্রতিবেদক
এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীরা দেশের স্বনামধন্য কলেজগুলোতে ভর্তির সুযোগ পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। এর মধ্যে নটরডেম কলেজে ২৭ জন এবং সেন্ট জোসেফ কলেজে ৮ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।
বিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, বরিশাল জিলা স্কুলের ইতিহাসে নটরডেম কলেজে ২৭ শিক্ষার্থীর সুযোগ পাওয়া স্মরণকালের অন্যতম বড় সাফল্য। পাশাপাশি সেন্ট জোসেফ কলেজে আরও ৮ শিক্ষার্থীর সুযোগ পাওয়ায় এ অর্জন আরও গৌরবময় হয়েছে।
শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে তাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক পাঠদান, অভিভাবকদের সহযোগিতা এবং প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামের দূরদর্শী নেতৃত্ব ও কার্যকর দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সাফল্যে বরিশাল জিলা স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম নটরডেম ও সেন্ট জোসেফ কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, শিক্ষার্থীদের এ অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। সম্মানিত অভিভাবকদের দোয়া ও প্রত্যাশা পূরণ হওয়ায় তিনি তাদেরও অভিনন্দন জানান।
বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের এ সাফল্য শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়, বরং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। একই সঙ্গে এ অর্জন বরিশালের শিক্ষা অঙ্গনে বরিশাল জিলা স্কুলের সুনাম ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।











