সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার
- আপডেট সময় : ১২:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার
নিজস্ব প্রতিবেদক
সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল নগরীর রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও মানবিক গুণাবলি অর্জনে মনোযোগী হতে হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের সহকারী পরিচালক মো. এবাদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।



















