শিক্ষার্থীদের দাবির মুখে পবিপ্রবিতে ১ নভেম্বর থেকে বিআরটিসির দুটি অত্যাধুনিক দ্বিতল বাস চালু, সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আপডেট সময় : ০৯:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের দাবির মুখে পবিপ্রবিতে ১ নভেম্বর থেকে বিআরটিসির দুটি অত্যাধুনিক দ্বিতল বাস চালু
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের পরিবহনসংক্রান্ত দাবির পরিপ্রেক্ষিতে আগামী ১ নভেম্বর থেকে চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি অত্যাধুনিক দ্বিতল বাস। প্রাথমিকভাবে দুটি বাস দিয়ে এ সেবা চালু করা হলেও পরবর্তীতে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
এ লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিআরটিসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান এবং বিআরটিসির বরিশাল বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. জুলফিকার আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহনসংক্রান্ত দাবি পূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দুটি অত্যাধুনিক দ্বিতল বাস চালুর ফলে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমবে এবং পরিবহনসেবায় নতুন মাত্রা যুক্ত হবে। পাশাপাশি ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানো হলে শিক্ষার্থীদের পরিবহনসুবিধা আরও সম্প্রসারিত হবে।


















