বরিশাল জিলা স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টস আন্তঃশ্রেণি দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ১০:৫৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বরিশাল জিলা স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টস আন্তঃশ্রেণি দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
বরিশাল জিলা স্কুলে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস আন্তঃশ্রেণি দাবা প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি প্রফেসর মো. জাকির হোসেন বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং শিক্ষা কার্যক্রম ও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরে প্রধান শিক্ষকের অনুরোধে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসভবনও পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক। এ সময় বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ বিল পরিশোধ সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে তাকে অবহিত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা তাদের আত্মবিশ্বাস, মনোযোগ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দাবা প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ, কৌশলগত চিন্তা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।



















