সংবাদ শিরোনাম ::
বরিশালকে নিরাপদ, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী গড়ে তোলা হবে- এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বরিশালকে নিরাপদ, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী গড়ে তোলা হবে- এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন
নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীকে নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও এনসিপির মহানগরের সদস্য সচিব এম আনোয়ার হোসেন। তিনি বলেছেন, নগরীর বিদ্যমান সংকট নিরসন করে নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে কাজ করা হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের কীর্তনখোলা স্কুল মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওয়ার্ড কমিটি গঠন ও মেয়র প্রার্থী এম আনোয়ার হোসেনের পরিচিতি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এম আনোয়ার হোসেন বলেন, বরিশাল নগরীতে নানা ধরনের সংকট রয়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। অন্যদিকে, অনেক নারী ঋণের চাপে জর্জরিত। বিভিন্ন ক্ষেত্রে নারীরা অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন।
তিনি আরও বলেন, এসব সমস্যা চিহ্নিত করে কার্যকর উদ্যোগের মাধ্যমে সমাধান করতে হবে। বরিশালকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি নগরবাসীর অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে। সবমিলিয়ে সকলকে সাথে নিয়ে একটি নতুন বরিশাল গড়ে তোলাই তাঁর লক্ষ্য, যেখানে নাগরিকেরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাবেন এবং সম্মানজনক জীবনযাপন করতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা, সদস্য সচিব মো. আবু সাঈদ (ফেরদৌস), শামসুজ্জামান টুটুল (সিনিয়র যুগ্ম আহবায়ক) বরিশাল মহানগর, অ্যাডভোকেট জাকির হোসেন (সিনিয়র যুগ্ম সদস্য সচিব, বরিশাল মহানগর) শামীম হোসেন সচিব নাজিম হোসেন যুগল সদস্য সচিব মহানগর সহ ১১ নং ওয়ার্ডের নেতৃবৃন্দসহ স্থানীয় কয়েক শ মানুষ।


















