দীর্ঘ রাজপথের ত্যাগের মূল্যায়ন, এবার নগর উন্নয়নের দায়িত্বে জিয়াউদ্দিন সিকদার
- আপডেট সময় : ০৯:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার। দীর্ঘদিন ধরে এ পদে বিএনপির ছয় নেতার নাম নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চললেও শেষ পর্যন্ত তাঁর ওপরই আস্থা রেখেছে সরকার।
বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
চেয়ারম্যান পদে নিয়োগকে কেন্দ্র করে এর আগে বরিশালের রাজনৈতিক অঙ্গনে বিএনপির একাধিক প্রভাবশালী নেতার নাম আলোচনায় আসে। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার, মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
গত জুন মাসেও স্থানীয় গণমাধ্যমে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে এই ছয় নেতার নাম নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। নানা আলোচনা ও রাজনৈতিক হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত জিয়াউদ্দিন সিকদারকে এ দায়িত্ব দেওয়া হলো।
বরিশাল মহানগর বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় জিয়াউদ্দিন সিকদার দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁকে হামলা, মামলা ও গ্রেপ্তারের মুখোমুখি হতে হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় হামলার শিকার হন জিয়াউদ্দিন সিকদার। তাঁর অভিযোগ, ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁকে কুপিয়ে আহত করেন। পরবর্তী সময়ে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেন।
রাজনৈতিক জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে এবার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শীর্ষ দায়িত্ব পেলেন তিনি। তবে রাজনৈতিক পরিচয়ের বাইরে নগর উন্নয়নের দায়িত্ব পালনে তাঁর ভূমিকা কেমন হবে, সেটিই এখন বরিশালবাসীর কাছে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়।
নগর পরিকল্পনা ও উন্নয়নসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে জিয়াউদ্দিন সিকদারের সামনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এর মধ্যে রয়েছে অপরিকল্পিত নগর সম্প্রসারণ নিয়ন্ত্রণ, দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার কার্যকর সমাধান, খাল ও জলাশয় সংরক্ষণ, আধুনিক সড়ক অবকাঠামো গড়ে তোলা এবং পরিবেশবান্ধব নগর পরিকল্পনা বাস্তবায়ন।
বিশেষ করে বরিশাল নগরের ক্রমবর্ধমান জনসংখ্যা, আবাসন চাহিদা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা বিবেচনায় সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন হবে নতুন চেয়ারম্যানের অন্যতম প্রধান দায়িত্ব।
রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা ছয় নেতার মধ্য থেকে জিয়াউদ্দিন সিকদারের এই নিয়োগ তাঁর রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে। একই সঙ্গে বরিশালকে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব ও কার্যকর উদ্যোগের দিকে তাকিয়ে রয়েছেন নগরবাসী।

















