ঢাকাTuesday , 28 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল

admin
July 28, 2026 10:52 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রায় দলটির নেতা সাজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা ও মহানগর শাখা।

মঙ্গলবার বরিশাল নগরীতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় সাজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারীসহ নেতাদের গাড়িবহরে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সবার জন্য নিরাপদ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা, বরিশাল মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জাকির হোসেন, সবুজ হাওলাদার, বরিশাল জেলার যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সী ও হারুনার রশিদ সোহাগ, জাতীয় নাগরিক পার্টির নারী উইংয়ের কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাফিসা মুক্তারী, বরিশাল মহানগরের সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোরশেদ মাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহন হোসেন ও শাহাদাত হোসেন, অর্ণব মুবিন, বরিশাল জেলার আহ্বায়ক কাজী যায়েদ, মহানগরের সদস্য সচিব সুহানসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জের হামলার ঘটনা গণতান্ত্রিক রাজনীতির জন্য অশনিসংকেত। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও হামলা-সহিংসতার কোনো স্থান নেই। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।