নিজস্ব প্রতিবেদক
বরিশাল মেট্রোপলিটন কলেজের উদ্যোগে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ১০টায় নগরীর চুই ঝাল কনভেনশন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এস. এম. আলী নেছারের সভাপতিত্বে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল মহানগর সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি। উদ্বোধনী বক্তব্য রাখেন কলেজের ডিরেক্টর বোর্ডের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন হাওলাদার। প্রধান অতিথি অধ্যাপিকা ফারহানা তিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে জাতি গঠন এবং দেশের উন্নয়নে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে দোয়া অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে। আবেগঘন এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের অনেকেই স্মৃতিচারণ করেন এবং শিক্ষক-সহপাঠীদের সঙ্গে শেষ সময় কাটিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
