অনলাইন ডেস্ক
বর্তমান বিশ্বায়নের যুগে দক্ষতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার মো: আনোয়ার হোসেন।
গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে প্রাতিষ্ঠানিক পর্যায়ে দক্ষতা প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি সকলকে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। দেশে বহু মানুষ কারিগরি দক্ষতায় আত্মকর্মশীল হয়ে উঠেছে।
তিনি বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত তাদের জন্য দেশে- বিদেশে চাকরির কোনো অভাব নেই। এক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি কারিগরি শিক্ষার গুরুত্বারোপ করেন তিনি।
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ড. মো: রুহুল আমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বরিশাল সার্কেলের সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এস. এম শহিদুল ইসলাম, ASSET প্রোজেক্টের ডেপুটি প্রোজেক্ট ডিরেক্টর মো: সবুজ আলম, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠিত কর্মসূচিতে পলিটেকনিক ইনস্টিটিউটের সব ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক বিভিন্ন জনমুখী কারিগরি যন্ত্রাংশ উদ্ভাবনপুর্বক প্রদর্শনী পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার।
উল্লেখ্য, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ASSET প্রকল্পের আওতায় প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত হয়।
