সফিউর রহমান মিঠু, বাউফল
পটুয়াখালীর বাউফলে প্রমত্তা তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং পটুয়াখালী-ভোলা সেতু নির্মাণের দাবিতে দীর্ঘ ৪ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ধূলিয়া ও পার্শ্ববর্তী দুর্গাপাশা ইউনিয়নের হাজারো মানুষ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ধূলিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নদীর তীরবর্তী এলাকায় ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ এতে অংশ নেন।
বক্তারা বলেন, “তেঁতুলিয়ার ভয়াবহ ভাঙনে প্রতিদিনই ফসলি জমি, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ভাঙনের সঙ্গে লড়াই করে মানুষ আজ নিঃস্ব হয়ে পড়ছেন। দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না হলে ধূলিয়া ইউনিয়নের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।”
বক্তারা আরো বলেন, “দক্ষিণাঞ্চলের মানুষ স্বাধীনতার পর থেকেই প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন। তেঁতুলিয়ার অব্যাহত ভাঙন শুধু মানুষের বসতভিটাই কেড়ে নিচ্ছে না, এর সঙ্গে কৃষি, শিক্ষা ও স্থানীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই স্থায়ী সমাধানের জন্য টেকসই বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি।”
তাদের ভাষ্য, “তেঁতুলিয়া নদীর ওপর পটুয়াখালী-ভোলা সেতু নির্মাণ করা হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। ভোলা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বরিশাল, পায়রা বন্দর ও বাকেরগঞ্জের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে একটি শক্তিশালী অর্থনৈতিক সেতুবন্ধন তৈরি হবে।”
বক্তারা বলেন, “সেতু নির্মাণ হলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের যাতায়াতের সময় ও দুর্ভোগ কমবে। একই সঙ্গে শিল্প-কলকারখানা গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে এবং দক্ষিণাঞ্চলের মানুষের কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে। এতে ৬টি জেলার ২৫টি উপজেলার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”
আন্দোলন কমিটির নেতারা বলেন, “মানুষের নিরাপদ বসবাস নিশ্চিত করা এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মুক্তির জন্য টেকসই বেড়িবাঁধ ও পটুয়াখালী-ভোলা সেতু নির্মাণে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। এ দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. তছলিম উদ্দিন তালুকদার, জামায়াতের উপজেলা আমির মাও. রফিকুল ইসলাম, সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের ছেলে রাইয়ান আকাশ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. খালিদুর রহমান, ঢাকাস্থ বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আ. রব মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন (বাবুল), উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌসিফুর রহমান (রাফা), স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন (তারেক) প্রমুখ।
ভোলা জেলার ভেলুমিয়া ও পটুয়াখালীর ধূলিয়া সেতু ও টেকসই বাঁধ আন্দোলন কমিটির আহ্বায়ক মোফাজ্জেল হক মফুর সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরে আন্দোলন কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে দক্ষিণাঞ্চলের ৬ জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে পটুয়াখালী-ভোলা সেতু নির্মাণ এবং তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে জনপদ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি জানানো হয়।
