কাউনিয়ায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পুত্রবধূ পুলিশ হেফাজতে
- আপডেট সময় : ০৯:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
কাউনিয়ায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পুত্রবধূ পুলিশ হেফাজতে
নিজস্ব প্রতিবেদক
বরিশালের কাউনিয়া থানাধীন আটহাজার এলাকায় পারিবারিক বিরোধের জেরে রুনু বেগম (৬০) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূ ফাতেমা বেগমের (২৬) বিরুদ্ধে। ঘটনার পর ফাতেমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে শায়েস্তাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আটহাজার এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
নিহত রুনু বেগম ওই এলাকার খলিল পেশকারের স্ত্রী।
কাউনিয়া থানা পুলিশের প্রাথমিক তথ্যমতে, সকালে পারিবারিক বিষয় নিয়ে রুনু বেগমের সঙ্গে তার পুত্রবধূ ফাতেমা বেগমের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে রুনু বেগম পুত্রবধূর ডান হাতের মধ্যম আঙুলে কামড় দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ফাতেমা বেগম তার শাশুড়ির থুতনিতে কামড় দিয়ে গলা চেপে ধরেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে কিছুক্ষণ পর রুনু বেগমের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। এ ঘটনায় অভিযুক্ত ফাতেমা বেগম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, ঘটনাটি নিয়ে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



















